মোবাইল ফোনের দাম গ্রাহক পর্যায়ে কমাতে আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
এ সিদ্ধান্তের ফলে আগামী এক মাসের মধ্যেই বাজারে সব ধরনের মোবাইল ফোনের দাম কমতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ করে ৩০ হাজার টাকার বেশি দামের স্মার্টফোনে উল্লেখযোগ্য মূল্যহ্রাসের সম্ভাবনা রয়েছে।
মোবাইল উৎপাদক ও আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে যেসব মোবাইল ফোনের দাম ৩০ হাজার টাকার বেশি, সেগুলোর দাম সর্বোচ্চ সাড়ে ৫ হাজার টাকা পর্যন্ত কমতে পারে। তবে এর চেয়ে কম দামের মোবাইল ফোনে মূল্য কমার হার খুবই সামান্য—মাত্র ১ শতাংশের মতো।
এনবিআরের প্রত্যাশা অনুযায়ী, আমদানি করা ৩০ হাজার টাকার বেশি দামের স্মার্টফোনের দাম সাড়ে ৫ হাজার টাকা পর্যন্ত কমবে। একই সঙ্গে দেশে সংযোজিত (অ্যাসেম্বলড) একই মূল্যের মোবাইল ফোনের দাম আনুমানিক দেড় হাজার টাকা পর্যন্ত কমতে পারে।
দীর্ঘদিন ধরেই মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়ে আসছিল ব্যবসায়ীরা। সরকারের পক্ষ থেকেও শুল্ক কমানোর আশ্বাস দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মোবাইল ফোনের উৎপাদন ও আমদানি পর্যায়ে শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
সরকারের এ সিদ্ধান্তে গ্রাহক পর্যায়ে মোবাইল ফোনের দাম কমবে এবং বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়