1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

১৫ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের আমেজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ ছুটির বেড়াজালে পড়ছে শিক্ষক ও শিক্ষার্থীরা। এরই মধ্যে রাজধানীসহ বিভিন্ন এলাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে দুই সপ্তাহ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের জন্যও ফেব্রুয়ারি মাসের শুরুতেই দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে।

ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, আগামী মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কার্যদিবস থাকলেও এক দিনের ছুটি নিলেই ৪ দিনের টানা ছুটি কাটানো সম্ভব হবে। কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি চাকরিজীবীরা মাত্র এক দিনের ছুটি নিয়ে টানা চার দিনের অবকাশ পাচ্ছেন।

এর পর আবারও আসছে দীর্ঘ ছুটি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে ওই সপ্তাহেও টানা চার দিনের ছুটি মিলছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ৯ দিনই পড়েছে শুক্রবার ও শনিবারে। পাশাপাশি ধর্মীয় ঐচ্ছিক ছুটিও রয়েছে। এর মধ্যে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য ৮ দিন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য ২ দিন ছুটি নির্ধারিত।

নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেও দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে। ব্যাংক কর্মকর্তা ও অভিভাবক তোয়াব আলী জানান, তার মেয়ে বিজিবি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বিজিবির ক্যাম্প স্থাপনের কারণে ওই স্কুলে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কেরানীগঞ্জের গার্লস্ স্কুল অ্যান্ড কলেজসহ রাজধানী ও আশপাশের বহু শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের ছুটি কার্যকর করা হয়েছে।

এদিকে, আসন্ন সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান জানান, নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!