জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও এগারো দলীয় জোট সমর্থিত ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হয়ে যাবে। তবে ৫ আগস্ট যেভাবে সফল হয়েছে, ১২ ফেব্রুয়ারিও সেভাবেই সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডায় এনসিপির নির্বাচনী জনসভায় তিনি বলেন, ঢাকা-১১ আসনে পর্যাপ্ত সরকারি স্কুল, হাসপাতাল ও খেলার মাঠ নেই। শিক্ষা ও স্বাস্থ্যখাত পুরোপুরি প্রাইভেট সেক্টরের ওপর নির্ভরশীল। বর্ষাকালে প্রায় ৬০ শতাংশ রাস্তা জলাবদ্ধতায় তলিয়ে যায় এবং অধিকাংশ এলাকা অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আওতায় রয়েছে।
তিনি অভিযোগ করেন, রামপুরা ও শাহজাদপুর খালসহ বিভিন্ন জলাশয় দখল ও ভরাটের কারণে এলাকার ভোগান্তি বেড়েছে। রাজনৈতিক কারণেই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, যার পেছনে ভূমিদস্যুদের ভূমিকা রয়েছে।
ঢাকা-১১ এলাকার অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে নাহিদ ইসলাম বলেন, ভূমি হারানো মানুষদের জমি ফিরিয়ে দেওয়া হবে অথবা ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। ভূমিদস্যুদের সিন্ডিকেট নির্মূল করা হবে।
তিনি আরও বলেন, শুধু ঢাকা-১১ নয়, সারা দেশেই ১১ দলীয় ঐক্যজোটের বিজয়ের ব্যাপারে তারা আশাবাদী এবং ১২ ফেব্রুয়ারি বাংলাদেশকে দখলদার, আধিপত্যবাদ ও সন্ত্রাসমুক্ত করতে ভোটকেন্দ্র পাহারা দিতে তরুণ সমাজ প্রস্তুত রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়