নির্দিষ্ট বেতনসীমা অতিক্রমকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কর্তন এখন বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে সোমবার (১০ নভেম্বর) হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আয়কর আইন-২০২৩ অনুযায়ী, চলতি আয় বছরে যেসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ২৬,৭৮৫ টাকা এবং নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার বেশি, তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করছে। ফলে বেতন বিল প্রস্তুতের সময় তাদের উৎসে আয়কর কর্তন করতে হবে।
এছাড়া নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব ট্রেজারি রুলস এসআর ১২৫ অনুযায়ী উত্তোলনকারীর ওপর বর্তাবে।
দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, বিভাগীয় ও জেলা হিসাব নিয়ন্ত্রক, উপজেলা হিসাব কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনাটি অর্থ বিভাগে পাঠানো হয়েছে সচিবের মাধ্যমে, যেখানে বাজেট-১ অনুচ্ছেদে কর্মরত যুগ্ম সচিবের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
এর আগে, গত ৭ অক্টোবর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জারি করা এক আধা-সরকারি চিঠিতে সরকারি বেতনভোগীদের উৎসে কর কর্তনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়