হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সবসময় ভিন্নধর্মী হলেও, ঈদের বিশেষ পর্বে এবার রয়েছে বাড়তি আকর্ষণ। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম দর্শকপর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শুধু অতিথি হিসেবে নয়, তিনি নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে সরাসরি অভিনয়ও করেছেন।
ঈদের পর্বে দর্শক নির্বাচনও ভিন্নধর্মী ছিল। প্রশ্নোত্তরের পরিবর্তে বিশেষ উপকরণের মাধ্যমে হাজারো দর্শকের মধ্যে থেকে চারজনকে বাছাই করা হয়। এরপর মূল অভিনয়-পর্ব শুরু হয়। মোশাররফ করিম তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করেন, আর নির্বাচিত দর্শকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।
অভিনয়ের মাধ্যমে উঠে আসে একটি অর্থবহ বার্তা, যা ঘরের দর্শকসহ সকলকে আনন্দ দেবে। দর্শক পর্ব ছাড়াও এবারের ইত্যাদিতে থাকবে নাট্যাংশ, গান, নানি-নাতির উপস্থাপনা ও তথ্যবহুল প্রতিবেদন।
ঈদের বিশেষ পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
সম্প্রতি পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে মোশাররফ করিম অভিনয়ে ব্যস্ত। ঈদে মুক্তি পাচ্ছে তার সিনেমা বনলতা এক্সপ্রেস, যা নন্দিত লেখক হুমায়ূন আহমেদ-এর ‘কিছক্ষণ’ গল্প অবলম্বনে নির্মিত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়