ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চাঁদপুরের চরাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে যৌথ বাহিনী। এ লক্ষ্যে হাইমচর উপজেলার নীলকমল এলাকায় বিশেষ টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে হাইমচর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে আয়োজিত ওই সভায় সেনাবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, বিজিবি ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা অংশ নেন। সভায় চরাঞ্চলের দুর্গম এলাকায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিয়ে আলোচনা হয়।
সমন্বয় সভায় জানানো হয়, ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
হাইমচর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর কামরুল হাসান নীলকমল উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বলেন, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। একটি নিরাপদ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচন চলাকালে কেউ যাতে ভোট প্রদানে বাধা সৃষ্টি করতে বা নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, সেটি নিশ্চিত করাই যৌথ বাহিনীর মূল লক্ষ্য। এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়