দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। ২৯৯টি আসনের মধ্যে ইতোমধ্যে ২৯২টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১০টি আসনে জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। এর ফলে ৩৫ বছর পর বাংলাদেশ আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। সর্বশেষ ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের পর থেকে দীর্ঘ সময় সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৫৮টি আসনে জয়ী হয়েছেন। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা চারটি আসনে জয় পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভিড় বাড়ে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয় গণনা। রাতে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
এদিকে বিজয় উদযাপনে কোনো ধরনের মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের প্রেস উইং জানিয়েছে, নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বাদজুমা সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন থাকবে।
উল্লেখ্য, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন স্থগিত থাকায় এবার ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন এবং মোট নারী প্রার্থী ছিলেন ৮৩ জন। নারী প্রার্থীদের মধ্যে দলীয় ছিলেন ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন।
এবার মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। এছাড়া ১২৪টি দেশে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়