ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পড়ানো হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। সর্বোচ্চ ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই তা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে এবং শপথ আয়োজনের প্রস্তুতি জোরগতিতে চলছে।
সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তার মনোনীত ব্যক্তি। নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব না হলে পরবর্তী তিন দিনের মধ্যে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। সে ক্ষেত্রে সিইসি এ এম এম নাসির উদ্দীন শপথ পড়াতে পারেন।
উল্লেখ্য, ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টিতে জয় পেয়েছে। স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।








