1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোটের প্রেক্ষিতে এমপিদের নিতে হবে দুই শপথ: আলী রীয়াজ

মিডিয়া ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে গণভোটে বেশিরভাগ ভোটার সম্মতি দেওয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যদের দুটি শপথ নিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ জানান, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ ২০২৫’-এ সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। ফলে তারা দুটি শপথ গ্রহণ করবেন—একটি জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে জুলাই সনদের সংবিধান সংস্কারসংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে সংখ্যাগরিষ্ঠ ভোটার সম্মতি দিয়েছেন।

সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, আদেশে ১৮০ দিনের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। সেই সময়সীমার মধ্যেই তারা কাজ করবেন। নোট অব ডিসেন্টের বিষয়গুলোও এখন জনরায়ের অংশ হয়ে গেছে। জনগণ যেসব বিষয়ে মত দিয়েছেন, তা বাস্তবায়নের ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে। একইসঙ্গে সংখ্যাগরিষ্ঠ দল ও অন্যান্য দলগুলো তাদের অঙ্গীকার অনুযায়ী পদক্ষেপ নেবে—এটাই প্রত্যাশা।

উচ্চকক্ষ গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী ইশতেহারে আসন অনুপাতে উচ্চকক্ষ গঠনের কথা বলেছে। এটি একটি রাজনৈতিক দলের দলগত অবস্থান। তবে গণভোটে যে বিধান এসেছে, তা ভিন্নরকম। এ ক্ষেত্রে জনরায় ও রাজনৈতিক অঙ্গীকার—উভয় বিষয় বিবেচনায় নিতে হবে।

তিনি বলেন, বিএনপি অতীতে বড় ধরনের সাংবিধানিক সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করেছে। ১৯৯১ সালে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনে সংশোধনী এনে গণভোটের মাধ্যমে জনসম্মতি নেওয়া হয়েছিল। আলাপ-আলোচনার মধ্য দিয়ে সংস্কারের পক্ষে তাদের অবস্থান অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংসদ নির্বাচনে ভোটের হার গণভোটের তুলনায় কম হওয়ার বিষয়টি গোলমেলে নয় বলেও মন্তব্য করেন আলী রীয়াজ। তিনি বলেন, এখনো তিনটি আসনের ফলাফল যুক্ত হয়নি। পূর্ণাঙ্গ ফল প্রকাশিত হলে ভোটের হার আরও বাড়তে পারে। এছাড়া অনেকে শুধুমাত্র গণভোটে অংশ নিয়েছেন। দুই ভোটের হারের ব্যবধান প্রায় ২ শতাংশ, যা অস্বাভাবিক নয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফল পরে দেওয়া হবে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত রয়েছে।

ঘোষিত ২৯৭ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। শেরপুর-৩ বাদে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪১৬ জন। অন্যদিকে, গণভোটে ২৯৯ আসনে ভোট দিয়েছেন ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন, যা মোট ভোটারের ৬১ দশমিক ০৩ শতাংশ।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!