থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (এসকাপ)-এর ৮২তম অধিবেশনের একটি গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করেছে বাংলাদেশ।
বুধবার সকালের সেশনে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ফকির মাহবুব আনাম।
‘কাউকে পেছনে ফেলে নয়: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সব বয়সীদের জন্য একটি উন্নত সমাজ গঠন’ প্রতিপাদ্যে ২০ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ব্যাংককে এই অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হয়। সদস্য দেশগুলো তাদের বিভিন্ন প্রস্তাবও তুলে ধরে।
অধিবেশনের ফাঁকে উপদেষ্টা ফকির মাহবুব আনাম কাজাখস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল উন্নয়ন বিষয়ক প্রথম উপমন্ত্রী রোস্তিস্লাভ কোনইয়াশকিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়।
বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ই-গভর্নেন্স, ডিজিটাল রূপান্তর এবং উদ্ভাবন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এছাড়া টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি ডিজিটাল সলিউশন সেন্টার স্থাপন এবং বায়ো-ইকোনমি গড়ে তোলার উদ্যোগে সহযোগিতার বিষয়েও উভয় পক্ষ সমর্থন জানায়।
উপদেষ্টা ‘অ্যাডভান্সিং ট্রাস্টেড এআই ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক: ফ্রম ন্যাশনাল লিডারশিপ টু রিজিওনাল সলিউশনস’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের পার্শ্ব-ইভেন্টে অংশ নেন। সেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ও নির্ভরযোগ্য ব্যবহারে বাংলাদেশের আগ্রহ তুলে ধরেন।
সফরকালে তিনি ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
সূত্র: বাসস
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়