1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

দেশে হাম পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন ৪ জন এবং বাকি ৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৯ হাজার ৫৫৯ জনে। এর মধ্যে ৪ হাজার ২৩১ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত হয়েছে।

এ সময়ের মধ্যে সন্দেহভাজন ও নিশ্চিত রোগী মিলিয়ে মোট ১৯ হাজার ৭০৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৫২৭ জন রোগী।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আরও ১৯৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ২১৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বড় একটি অংশই শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

হাসপাতালগুলোতে রোগীর চাপ ক্রমাগত বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, শিশু রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা দিতে স্বাস্থ্যকর্মীরা চরম চাপের মুখে রয়েছেন।

চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা এবং দ্রুত শনাক্তকরণ ব্যবস্থা উন্নত করা জরুরি। না হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!