ফেসবুকে ভুয়া পেজ খুলে কম দামে ইলিশ বিক্রির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে নড়াইল সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নড়াইল সদর থানার মির্জাপুর গ্রামের মো. আকাশ শেখ (২০), মো. ফারুক মোল্যা ওরফে অনিক (২২), পাইকড়া গ্রামের লিমন শেখ (২১) এবং মো. লিমন মোল্যা (২২)।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’ এবং ‘অনলাইন পণ্য বিক্রয়’ নামের ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করে আসছিল। এসব পেজে তারা চাঁদপুরের আসল ইলিশ কম দামে বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাধারণ ক্রেতাদের আকৃষ্ট করত। পরে বিকাশ বা নগদের মাধ্যমে অগ্রিম টাকা নিয়ে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিত।
সম্প্রতি এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট বিষয়টি তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে এই চক্রের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ভুয়া নামে নিবন্ধিত ১৩টি সিম কার্ড এবং ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অনলাইনে বিভিন্ন পেজ ব্যবহার করে বহু মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে।
পুলিশ তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে।
নড়াইলের পুলিশ সুপার জানিয়েছেন, অনলাইন কেনাকাটায় সাধারণ মানুষকে আরও সতর্ক হতে হবে। একই সঙ্গে সাইবার অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়