মাদারীপুরে আলভী খান (২৫) নামে এক যুবক গত ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার সন্ধান ও দোষীদের বিচার দাবিতে বুধবার (২২ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
নিখোঁজ আলভী খান সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া গ্রামের এমদাদ হোসেন খানের ছেলে। অভিযুক্ত হিসেবে রাতুল হাওলাদার (২৮)-এর নাম উঠে এসেছে, যিনি ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রাম এলাকার সরোয়ার হাওলাদারের ছেলে।
পরিবারের অভিযোগ অনুযায়ী, আলভীকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচার চক্রের সদস্যরা প্রথমে ২১ লাখ টাকার চুক্তি করে। ২০২৫ সালের ১৫ অক্টোবর পুরো টাকা পরিশোধের পর ১৯ অক্টোবর তাকে সৌদি আরব নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে লিবিয়ায় নিয়ে গিয়ে তাকে আটকে রাখা হয়।
স্বজনদের দাবি, সেখানে আলভীকে নির্যাতন করে ভিডিও ও ভয়েস পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হয়। পরে ৪ নভেম্বর বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আরও ২২ লাখ টাকা পরিশোধ করা হয়। এরপর আবারও টাকা দাবি করলে পরিবার তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ৪ এপ্রিল থেকে আলভীর সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ করে দেয় পাচারচক্র।
পরবর্তীতে গত ১৯ এপ্রিল আলভীর বাবা মানবপাচার আইনে রাতুলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।
এদিকে, মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রাতুল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।
পরিবার আলভীর সন্ধান ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়