আবারও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এর আগে তিনি সংস্থাটির শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার (২২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তার চুক্তির মেয়াদ নবায়ন করা হয়।
এ বিষয়ে তাহসান খান বলেন, রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর নয় বছর পার হয়েছে। একটি টেকসই সমাধান না আসা পর্যন্ত তাদের দুর্দশার প্রতি সহানুভূতিশীল থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলে তিনি তাদের অকল্পনীয় কষ্ট ও ক্ষতির অভিজ্ঞতা জানতে পেরেছেন। তাদের ঘুরে দাঁড়ানোর শক্তি তাকে অনুপ্রাণিত করে এবং তিনি তাদের গল্প বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান।
ইউএনএইচসিআরের তথ্যমতে, বাংলাদেশে সংস্থাটির প্রথম শুভেচ্ছাদূত হিসেবে ২০২১ সালে নিয়োগ পান তাহসান খান। এরপর থেকে তিনি সচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ততা এবং শরণার্থীদের অধিকার রক্ষায় কাজ করে আসছেন।
বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, তাহসান দীর্ঘদিন ধরে শরণার্থীদের পক্ষে একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন। তার সম্পৃক্ততা সহানুভূতি ও দায়িত্ববোধের প্রতিফলন, যা বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজনীয়।
তিনি আরও জানান, তাহসানের চুক্তির মেয়াদ নবায়ন করতে পেরে সংস্থাটি গর্বিত এবং শরণার্থীদের সুরক্ষা ও আশা বাড়াতে তার সঙ্গে কাজ অব্যাহত রাখবে।
গত কয়েক বছরে তাহসান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন, শরণার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং বিশ্ব শরণার্থী দিবসসহ বিভিন্ন আন্তর্জাতিক সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এছাড়া ২০২৫ সালে ক্যাম্পে অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত এলাকা তিনি পরিদর্শন করেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়