ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের মনোনীত ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একজন প্রার্থীর মনোনয়নপত্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দিন খান মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা দেন।
বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবসম্পদ বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, প্রচার ও সাহিত্য-সংস্কৃতি বিভাগের সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি অধ্যাপক মাহফুজা হান্নান, বগুড়া অঞ্চল পরিচালিকা সাজেদা সামাদ, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের সদস্য প্রকৌশলী মারদিয়া মমতাজ এবং জুলাই বিপ্লবে শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম।
এছাড়া জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নেত্রী ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুর মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্রের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শুনানিতে জানা যায়, তিনি আগে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন এবং বেতন-ভাতা গ্রহণ করেছেন। পরবর্তীতে গত বছরের শেষ দিকে তিনি চাকরি থেকে অব্যাহতি নেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর বা অব্যাহতির পর তিন বছর পূর্ণ না হলে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন হয় না। এ বিষয়টি বিবেচনায় নিয়ে তার মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, মনিরা শারমিনকে আত্মপক্ষ সমর্থনের জন্য আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন।