চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মনোনয়ন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নগর শাখার শুরা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর জামায়াতের আমির নজরুল ইসলাম।
দলের নগর শাখার প্রচার সম্পাদক মাহমুদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় দায়িত্বশীল সদস্যদের সম্মিলিত মতামতের ভিত্তিতেই এ মনোনয়ন দেওয়া হয়েছে।
সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, নগর শাখার সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরীসহ নগর কমিটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের স্থানীয় রাজনীতিতে শামসুজ্জামান হেলালী পরিচিত মুখ। তিনি ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ষোলশহর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এছাড়া সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি প্রার্থী সাঈদ আল নোমানের কাছে পরাজিত হন।
মেয়র পদে মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় শামসুজ্জামান হেলালী বলেন, “কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমার ওপর নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে।”