1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

রাজস্ব আদায়ে বড় ঘাটতি: ৯ মাসে পিছিয়ে প্রায় ৯৮ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রাজস্ব আদায়ের ক্ষেত্রে চলতি ২০২৫-২৬ অর্থবছরে বড় ঘাটতির মুখে পড়েছে সরকার। অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯৮ হাজার কোটি টাকার ঘাটতি দেখা দিয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত হালনাগাদ তথ্য থেকে এ চিত্র জানা যায়।

চলতি অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব ঘাটতি ছিল ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। এক মাসের ব্যবধানে তা বেড়ে প্রায় ৯৭ হাজার ৯৯০ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ মার্চ মাসেই ঘাটতি বেড়েছে ২০ হাজার কোটি টাকারও বেশি।

এনবিআরের তথ্য অনুযায়ী, জুলাই-মার্চ সময়ে মোট রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ লাখ ৫৯ হাজার ৯৯৬ কোটি টাকা। তবে মার্চ পর্যন্ত সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা।

এই সময়ে মোট রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ১৫ শতাংশ। আয়কর, ভ্যাট ও শুল্ক—তিন খাতেই প্রবৃদ্ধি থাকলেও লক্ষ্যমাত্রা অর্জন হয়নি।

খাতভিত্তিক হিসেবে আয়কর খাতে ৮০ হাজার ২২৩ কোটি টাকা, ভ্যাটে ১ লাখ ৯ হাজার ১৩৮ কোটি টাকা এবং শুল্কে ৯৮ হাজার ৫০১ কোটি টাকা আদায় হয়েছে। তিন ক্ষেত্রেই লক্ষ্যমাত্রার তুলনায় বড় ঘাটতি রয়েছে।

মার্চ মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ৬৭ শতাংশ, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। এ মাসে আয়কর খাতে নেতিবাচক প্রবৃদ্ধি (-০.৪৪ শতাংশ) দেখা গেছে। ভ্যাট ও শুল্ক খাতেও তুলনামূলক কম প্রবৃদ্ধি হয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরেও রাজস্ব ঘাটতি ছিল ৯২ হাজার ৬২৬ কোটি টাকা। ওই বছর লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা, আর আদায় হয় ৩ লাখ ৭০ হাজার ৮৭৪ কোটি টাকা।

বিশ্লেষকদের মতে, ধারাবাহিক রাজস্ব ঘাটতি অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে এবং সরকারের উন্নয়ন ব্যয় ও আর্থিক পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!