ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনার মধ্যেই নতুন এক মুখ সামনে এসেছে—ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম। তাকে প্রার্থী করেছে বাংলাদেশ খেলাফত মজলিস, যা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যতম শরিক।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে ঘোষিত ১৩ জন প্রার্থীর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে—কে এই মাহবুবা হাকিম, কী তার পটভূমি?
তথ্য অনুযায়ী, মাহবুবা হাকিম একজন বস্ত্র প্রকৌশলী। ১৯৮৪ সালে সাভার-এ জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষাজীবনে তিনি মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিলেন। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করার পর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনে দেশের টেক্সটাইল খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন মাহবুবা হাকিম। বিশেষ করে কোয়ালিটি কন্ট্রোল ও ল্যাব ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা রয়েছে। তবে কর্পোরেট পেশার পাশাপাশি তিনি শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত।
বর্তমানে তিনি একটি হিফজখানা ও মক্তব পরিচালনার পাশাপাশি শিশু শিক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে ভূমিকা রাখছেন। শিক্ষাজীবনে আবৃত্তি, বিতর্ক ও বক্তৃতার মতো সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি অংশ নিয়েছেন, যা তাকে সহপাঠীদের মধ্যে পরিচিত করে তোলে।
ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তার স্বামী ডা. আউলাদ হোসাইন একজন চিকিৎসক ও শিক্ষক, যিনি মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
দলীয় সূত্র জানিয়েছে, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে মাহবুবা হাকিমকে সংরক্ষিত নারী আসনের জন্য উপযুক্ত মনে করা হয়েছে। বিশ্লেষকদের মতে, তার অন্তর্ভুক্তি জোট রাজনীতিতে নতুন ধরনের প্রতিনিধিত্ব যোগ করতে পারে।