মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় গড়াই নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় তিন হাজার মিটার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। পরে এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। গড়াই নদীর লাঙ্গলবাঁধ খেয়া ঘাট থেকে আমলসার খেয়া ঘাট পর্যন্ত বিস্তৃত এলাকায় তল্লাশি চালিয়ে এসব অবৈধ জাল উদ্ধার করা হয়।
মৎস্য অধিদপ্তর বাংলাদেশ সূত্রে জানা গেছে, নদীর জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজাতি রক্ষার লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জাল পরে আগুনে পুড়িয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গণি এবং মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও নদীর পরিবেশ রক্ষায় ক্ষতিকর চায়না জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অবৈধ জালের ব্যবহার রোধে প্রশাসনের কঠোর নজরদারি চলবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।