রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে হাসপাতালের চিকিৎসা সেবা বিঘ্নিত হয়েছে এবং এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা।
কর্মবিরতির ঘোষণা দেয় রামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটি। সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েক দিনে হাসপাতালের ভেতরে একাধিক হেনস্তার ঘটনা ঘটেছে, যা ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত রোববার (১৯ এপ্রিল) রাতে ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের হাতে দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত হন। এর পরদিন সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে একজন নারী ইন্টার্ন চিকিৎসকও হেনস্তার শিকার হন এবং সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।
এসব ঘটনার প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন বলে জানান তারা।
সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির বলেন, “আমাদের একটাই দাবি—নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলোর বিচার না হলে এবং নিরাপত্তা নিশ্চিত না করা হলে ২৪ ঘণ্টা পর আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
অন্যদিকে, আকস্মিক এই কর্মবিরতির ফলে হাসপাতালের জরুরি ও অভ্যন্তরীণ বিভাগে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। অনেক রোগীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে এবং গুরুতর অসুস্থদের চিকিৎসা পেতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানার জন্য মুখপাত্র শংকর কে বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সংশ্লিষ্টদের মতে, দ্রুত সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং এতে সাধারণ রোগীদের দুর্ভোগ বাড়বে।