ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলমান মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, “নির্বাচনের তফসিল আমরা আশা করছি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। নির্দিষ্ট তারিখ তফসিল ঘোষণার সময়ই জানতে পারবেন। হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অব ডিসেম্বর।”
গণভোট–সংক্রান্ত প্রচারণা বিষয়ে তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে ব্যাপক প্রচারণা চালাবে। মাত্র গত মঙ্গলবার অধ্যাদেশ জারি হওয়ায় কমিশনকে গণভোট আয়োজনের জন্য এখন আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, “আইন দ্বারা অথরাইজড না হলে আমরা তো কাজ শুরু করতে পারি না।”
এ সময় তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়কে গণভোট প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া সফল করতে গণমাধ্যমসহ দেশের সব নাগরিকেরই যৌথ দায়িত্ব রয়েছে।
মক ভোটিং প্রসঙ্গে সিইসি জানান, গত ১৫ বছরে ভোট দেওয়ার অভিজ্ঞতা থেকে বঞ্চিত জনগণকে ভোট প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই এই কার্যক্রম আয়োজন করা হয়েছে। একইসঙ্গে দুই ব্যালটে ভোট দিতে একজন ভোটারের কত সময় লাগে, তা পর্যবেক্ষণ করাই এর উদ্দেশ্য।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়