1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

দণ্ডিত শেখ হাসিনার বক্তব্য প্রচারে এনসিএসএর গভীর উদ্বেগ

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। সংস্থাটি জানিয়েছে, এসব বক্তব্যে সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধ সংঘটনের সরাসরি প্ররোচনা রয়েছে, যা সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে।

এনসিএসএর ব্যাখ্যা অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের এমন বক্তব্য প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর পরিপন্থী। অধ্যাদেশের ধারা ৮(২)–এ বলা হয়েছে, রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন যেকোনো তথ্য অপসারণ বা ব্লক করার ক্ষমতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে। একই সঙ্গে ধারা ২৬(১) অনুযায়ী, ছদ্ম পরিচয় বা অবৈধ প্রবেশের মাধ্যমে ঘৃণা, বিদ্বেষ বা সহিংসতার উসকানিমূলক বক্তব্য প্রচার অপরাধ হিসেবে গণ্য হবে। ধারা ২৬(২)–এ এ অপরাধে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা সর্বোচ্চ দশ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, তারা সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করে; তবে দণ্ডিত ব্যক্তিদের সহিংসতা, উসকানি বা অপরাধমূলক নির্দেশনা বহনকারী বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে আইনি দায়বদ্ধতা বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!