আজ পহেলা ফাল্গুন। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী ঋতুরাজ বসন্তের প্রথম দিন। একই সঙ্গে ইংরেজি ক্যালেন্ডারে আজ ১৪ ফেব্রুয়ারি—বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেনটাইনস ডে। ফলে ষড়ঋতুর বাংলাদেশে আজ একসঙ্গে উদযাপিত হচ্ছে বসন্তের আগমন ও ভালোবাসার উৎসব। এই দুই উপলক্ষ ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে জোড়া উৎসবের আনন্দঘন আমেজ।
প্রকৃতিতে বসন্ত আর মানবজীবনে ভালোবাসা—এই দুই যেন একে অপরের পরিপূরক। পহেলা ফাল্গুনে বসন্তের রঙে রঙিন হয়ে ওঠে তরুণ হৃদয়, আর নতুন প্রাণ ফিরে পায় প্রবীণরাও। প্রকৃতির সঙ্গে সঙ্গে মানুষের মনও হয়ে ওঠে উচ্ছ্বসিত ও প্রাণবন্ত। তাই বসন্তকে বলা হয় ‘প্রেমের ঋতু’।
বসন্ত উৎসবের রয়েছে ঐতিহ্যময় ইতিহাস। ইতিহাসবিদদের মতে, ১৫৮৫ সালে মোগল সম্রাট আকবর ১৪টি উৎসবের প্রবর্তন করেছিলেন, যার অন্যতম ছিল ‘বসন্ত উৎসব’। বসন্ত মানেই রং, রূপ, রস আর লাবণ্যের মিলন। দখিনা হাওয়ার মৃদু পরশে প্রকৃতি জেগে ওঠে নতুন প্রাণে। গাছে গাছে কচি পাতা, ফুলে ফুলে মৌমাছির গুঞ্জন, নদীর পাড় থেকে অরণ্য-প্রান্তর—সবখানেই নবযৌবনের ডাক।
এই প্রকৃতির রূপ দেখেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন—“ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে।” বসন্তে মানব-মানবীর চিরন্তন ভালোবাসা যেন রঙিন প্রজাপতির ডানায় ভর করে ছড়িয়ে পড়ে চারদিকে।
অন্যদিকে পশ্চিমা সংস্কৃতি থেকে আসা ভ্যালেনটাইনস ডে ভালোবাসার প্রকাশের একটি আন্তর্জাতিক উপলক্ষ। বসন্তের প্রথম দিনের সঙ্গে এই দিবসের মিলনে আজকের দিনটি হয়ে উঠেছে আরও বিশেষ। মোবাইল ফোন, ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে চলবে শুভেচ্ছা বিনিময়। ভালোবাসার বার্তা ছড়িয়ে পড়বে দেশ-বিদেশে।
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে দিনভর নানা আনন্দ আয়োজন থাকবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ দেশের নানা স্থানে বসন্তবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গান, নৃত্য, কবিতা আর রঙিন সাজে উৎসব মুখর হয়ে উঠবে পরিবেশ।
হলুদ শাড়ি, হাতে গাঁদাফুল আর খোঁপায় রঙিন ফুলে তরুণীরা বের হবেন ঘর থেকে। বন্ধু-বান্ধবী ও প্রিয়জনদের সঙ্গে আড্ডা, হাসি আর আনন্দে কাটবে দিনটি। ভালোবাসা দিবস হওয়ায় ফুল ও উপহার বিনিময়েরও থাকবে বিশেষ ধুম।
বাসন্তী সাজ আর লাল রঙের আধিক্যে পার্ক, মাঠ ও খোলা প্রাঙ্গণগুলো এক মায়াবী রূপ ধারণ করবে—এমনটাই প্রত্যাশা। সব মিলিয়ে আজকের দিনটি বাংলাদেশের মানুষের কাছে শুধু একটি তারিখ নয়, বরং বসন্ত, ভালোবাসা আর জীবনের উচ্ছ্বাসকে উদযাপনের এক অনন্য উপলক্ষ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়