ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ার পর নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে আজ সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, তিনি নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি এককভাবে ২০৯ আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮ আসনে বিজয়ী হয়েছে।
এনসিপি ছয়টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে জয় পেয়েছে। এই তিনটি দলই ১১ দলীয় জোটের অংশ। এছাড়া একটি করে আসন পেয়েছে ইসলামী আন্দোলন, গণ-অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস। সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
তবে অর্থ ঋণ সংক্রান্ত মামলায় হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রামের দুটি আসনের ফলাফল গেজেটভুক্ত করা হবে না বলে ইসি সচিব জানিয়েছেন। যদিও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সরওয়ার আলমগীর এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির আসলাম চৌধুরি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়