দীর্ঘদিনের রীতি ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার বঙ্গভবনের বাইরে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় এ আয়োজনের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মঙ্গলবার বিকেলে তারেক রহমান–এর নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। এ উপলক্ষে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ও প্রোটোকল সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শনিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বলেন, সকালে সংসদ সদস্যদের এবং বিকেলে নতুন সরকারের শপথের ব্যবস্থা করা হচ্ছে।
প্রচলিত নিয়ম অনুযায়ী শপথ অনুষ্ঠান সাধারণত বঙ্গভবনে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগকে রাজনৈতিক পর্যবেক্ষকরা প্রতীকী ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দল সরকার গঠনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মাধ্যমে নতুন সংসদের কার্যক্রম শুরু হবে। পরে মন্ত্রিসভার সদস্যদের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের যাত্রা শুরু হবে।
শপথ অনুষ্ঠান ঘিরে প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়