আসন্ন পবিত্র রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের প্রতি জনগণের বিপুল জনসমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের যে কোনো ধরনের প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করা এবং দুর্নীতির প্রশ্নে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখার পাশাপাশি নির্বাচনী অঙ্গীকার—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড—বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি আনার বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও উঠে আসে।
শ্রমবাজার প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, মধ্যপ্রাচ্যভিত্তিক শ্রমবাজার সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে নতুন করে শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া সরকার আগামী সময়ে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলেও জানান প্রতিমন্ত্রী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়