মাতৃভাষা বাংলা রক্ষা ও বিকাশে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। তিনি বলেন, একুশ মানেই আত্মসম্মান, আত্মত্যাগের প্রেরণা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান। ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভাষার মর্যাদা রক্ষা ও বিকাশ সাধনই আমাদের অঙ্গীকার হওয়া উচিত।
শনিবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত “শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থায় বাংলা ভাষাকে বিজ্ঞান, প্রযুক্তি ও উচ্চশিক্ষার কার্যকর মাধ্যম হিসেবে সমৃদ্ধ করতে হবে। গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বাংলার ব্যবহার বাড়াতে হবে। বাংলা ভাষাকে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প-সাহিত্য ও বাণিজ্যের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করাই একুশের চেতনার যথার্থ বাস্তবায়ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক মো. মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন, অধ্যাপক আসিফুল হক, অধ্যাপক মোহাম্মদ আবু কাউছার এবং অধ্যাপক মুহাম্মদ রাশিদুল হাসান।
এছাড়া শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আহসান উল্লাহ, কর্মকর্তা সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইকরাম, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক প্রিয়তোষ চক্রবর্ত্তী এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আসহাব লাবিব বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ ফজলুর রহমান ও শারমিন সুলতানা তমা।
এর আগে দিবসটি উপলক্ষে সকাল ৮টা ২০ মিনিটে ক্যাম্পাসের উত্তর গোলচত্বর থেকে কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। পরে ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
দিবসটি উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি মিলাদ ও দোয়া মাহফিল, রচনা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, ছড়া ও কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়