মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত-এ ১৪৪৭ হিজরির পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী, আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশ দুটি। খবরটি প্রকাশ করেছে গালফ নিউজ।
সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্র দেখা গেছে। তাই আজ রাত থেকে ১৪৪৭ হিজরির রমজান মাস শুরু হচ্ছে। সৌদি নাগরিকরা আগামীকাল বুধবার থেকে রোজা রাখবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সূর্যাস্ত হয় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। দেশটির পূর্ব প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা শুরু হয়েছে। চাঁদ দেখা দলগুলো আকাশ পর্যবেক্ষণ করে পবিত্র মাসের শুরু নিশ্চিত করছে।
এর আগে সৌদি ‘হারামাইন’ ওয়েবসাইটে উল্লেখ করা হয়, আল-মাজমা’আহ গভর্নরেটের বড় পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইর-এ চাঁদ দেখা গেছে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল আদালত জানিয়েছে, দেশটির ফতোয়া কাউন্সিলের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন হবে।
এদিকে বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, তুরস্ক, অস্ট্রেলিয়া, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান এবং উজবেকিস্তান-এ রমজানের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে শাবান মাসের ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রোজা পালিত হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়