নোঙরের আঘাতে তুরাগ নদের তলদেশে ক্ষতিগ্রস্ত গ্যাসের পাইপলাইন মেরামত করা হলেও পাইপে পানি ঢুকে পড়ায় রাজধানীতে আবারও গ্যাসের সংকট চরম আকার ধারণ করেছে। গ্যাসের চাপ কমিয়ে মেরামতের কাজ চালানো হচ্ছে, ফলে নগরজুড়ে তীব্র স্বল্পচাপ বিরাজ করছে। আগে থেকেই গ্যাসের ঘাটতিতে ভোগান্তিতে থাকা নগরবাসীর দুর্ভোগ আরও বেড়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, একটি মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজার এলাকায় তুরাগ নদের তলদেশে বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। পরে পাইপলাইন মেরামত করা হলেও মেরামতকালীন সময়ে এর ভেতরে পানি প্রবেশ করে। একই সঙ্গে সামগ্রিক সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছে।
তিতাস জানায়, পাইপলাইনে পানি ঢুকে পড়ায় নিরাপত্তাজনিত কারণে গ্যাসের চাপ কমিয়ে রেখে মেরামত ও স্বাভাবিক সরবরাহ ফিরিয়ে আনার কাজ চলছে। এ জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম বা একেবারেই না থাকার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
সংকট নিরসনে প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়