ঢাকা শাহবাগ মোড়ে বরিশাল–ভোলা সেতুর দাবিতে বিক্ষোভ করছে ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা। পাঁচ দফা দাবিতে তারা শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে শাহবাগে অবস্থান নিলে এলাকাটি যানচলাচলের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর। তিনি জানান, বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চেষ্টা করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিক্ষোভকারীদের পাঁচ দফা দাবি হলো—
১. ভোলা–বরিশাল সেতু নির্মাণ
২. ভোলায় ঘরে ঘরে পাইপলাইনে গ্যাস সংযোগ
৩. গ্যাসভিত্তিক শিল্প-কারখানা স্থাপন
৪. পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন
৫. টেকসই বেড়িবাঁধ নির্মাণ
বিক্ষোভকারীরা ব্যানার–ফেস্টুন নিয়ে শাহবাগে অবস্থান নিয়ে এসব দাবি তুলে ধরেন। এর আগে ঢাকাসহ ভোলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
গত ১৪ নভেম্বর ভোলায় সফররত অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ— প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈন উদ্দীন ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠকে আশ্বাস দেওয়া হয় যে ডিসেম্বরেই ভোলা–বরিশাল সেতুর কাজ শুরু হবে।
কিন্তু একই দিন উপদেষ্টা ফাওজুল কবির খান জানান যে সেতুর নকশার কাজই এখনো শুরু হয়নি, এটি নীতিগত সিদ্ধান্তে আটকে আছে। এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারীরা তিন উপদেষ্টাকে প্রায় ২০ মিনিট অবরুদ্ধ করে রাখেন।
এ ছাড়া সেই দিনই ঢাকার সেতু ভবন অভিমুখে লংমার্চে অংশ নেওয়া ভোলার শিক্ষার্থীরা তেতুলিয়া নদী সাঁতরে বরিশালে পৌঁছান। টানা সাঁতার কাটতে গিয়ে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়