বলিউড তারকা শাহরুখ খান নতুন ইতিহাস গড়লেন। দুবাইয়ের শেখ জায়েদ রোডে তার নামে নির্মিত হচ্ছে ৫৫ তলা আকাশচুম্বী বাণিজ্যিক ভবন—‘শাহরুখজ বাই দানিউব’। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক জাঁকজমক অনুষ্ঠানে প্রকল্পটির ঘোষণা দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক–নৃত্য পরিচালক ফারাহ খান।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক খালিজ টাইমস জানায়, টাওয়ারটি হবে প্রায় ১০ লাখ স্কোয়ার ফুট আয়তনের, যার দাম শুরু ১৭ লাখ দিরহাম থেকে। উদ্যোক্তা, উদ্ভাবন ও ব্যবসার আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে এই ভবনটিকে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দানুব গ্রুপ। ভবনের প্রবেশপথে থাকবে শাহরুখের বিখ্যাত হাত–ছড়িয়ে দাঁড়ানো আইকনিক ভঙ্গির বিশাল ভাস্কর্য, যেখানে দর্শনার্থীরা ছবি তুলতে পারবেন। ২০২৯ সালের মধ্যেই ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা।
প্রকল্প নিয়ে শাহরুখ খান সামাজিক মাধ্যমে লিখেছেন, দুবাইয়ের একটি স্থাপনায় তাঁর নাম যুক্ত হওয়া তাঁর জন্য গর্বের ও আবেগঘন মুহূর্ত। স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা ও সম্ভাবনার প্রতীক এই শহরের স্থায়ী অংশ হতে পেরে নিজেকে সম্মানিত মনে করছেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়