যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে বেনাপোল বিওপির সুবেদার মো. আজিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে বেনাপোল পোর্ট সীমান্ত এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামে ফজলে করিম (ওরফে বুড়ো) এর বাড়ির পরিত্যক্ত গেটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ‘ভিএল’ খোদাই করা দুই রাউন্ড গুলি। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার ৪০০ টাকা।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলো বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়