
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নির্দেশনায় উল্লেখ করা হয়, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বিটিভিতে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী লিখিত আবেদন পাওয়ার ক্রমানুসারে দলীয় প্রধানদের জন্য প্রচার স্লট বরাদ্দ দিতে হবে। প্রচারণার সময় ও রেকর্ডিংয়ের তারিখ সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে বিটিভি নির্ধারণ করবে।
চিঠিতে আরও জানানো হয়, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত বিটিভিতে প্রচারণার জন্য আবেদন করেনি। ফলে বিএনপির দলীয় প্রধানের চাহিদা অনুযায়ী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে তারেক রহমানের ভাষণ প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিধি অনুযায়ী প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়
Leave a Reply