বিভিন্ন ক্ষেত্রে ‘অতিরিক্ত বিধিবিধানের বেড়াজাল’ থেকে অর্থনীতিকে মুক্ত করা এবং ‘পৃষ্ঠপোষকতার অর্থনীতি’ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে।”
তিনি বলেন, বর্তমানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবস্থা অত্যন্ত দুর্বল। সেগুলোকে পুনরুদ্ধার করে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে হবে। তার ভাষায়, ইনস্টিটিউশনগুলোর মধ্যে প্রফেশনালিজম, স্বচ্ছতা ও এফিশিয়েন্সি আনতে হবে; এগুলোর অনুপস্থিতিতে বড় কোনো কর্মসূচিই কার্যকর হবে না।
অর্থনীতির ‘গণতন্ত্রীকরণ’-এর ওপর জোর দিয়ে তিনি বলেন, একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, যাতে দেশের প্রতিটি মানুষ সমান সুযোগ নিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে এবং এর সুফল পায়।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন ‘ওভার রেগুলেটেড’ দেশে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সিরিয়াস ডিরেগুলেশন ও লিবারালাইজেশন প্রয়োজন। এতে করে অর্থনীতিতে সমান অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০০১ সালে খালেদা জিয়া সরকারের সময় বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়