আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল হক রেজা পিপিএম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার ও জনগণকে সর্বাত্মক সহযোগিতা করাই পুলিশের প্রধান লক্ষ্য। নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই বলেও তিনি স্পষ্ট করে জানান।
ডিআইজি রেজাউল হক বলেন, পুলিশের দায়িত্ব ভোটের বাক্স রক্ষা করা নয়, বরং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ একটি রাষ্ট্রীয় দায়িত্বশীল বাহিনী হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে বাস্তবায়নে কাজ করবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনকালীন সময়ে কোনো পুলিশ সদস্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, কোথাও বিশৃঙ্খলা বা সহিংসতার আশঙ্কা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আইনসম্মত সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই পুলিশের মূল উদ্দেশ্য।
ডিআইজি রেজাউল হক রেজা আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন হবে আরও সুশৃঙ্খল ও নিরপেক্ষ। ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোটসহ সব ধরনের অনিয়ম কঠোরভাবে প্রতিরোধ করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচন শুধু পুলিশের একার দায়িত্ব নয়; রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায়ই একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
প্রেস ব্রিফিংয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনা ও ভোটকেন্দ্রভিত্তিক ব্যবস্থার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়