শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ তথ্য জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
তিনি জানান, শহীদ মিনার এলাকায় ইনার পেরিমিটার ও আউটার পেরিমিটার নির্ধারণ করে সদস্য মোতায়ন করা হয়েছে। পুরো এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, গাড়ি টহল এবং স্ট্রাইকিং রিজার্ভ রাখা হবে।
নিরাপত্তা জোরদারে বোমা ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়ন থাকবে বলেও জানান র্যাব ডিজি। তার ভাষ্য, পুরো শহীদ মিনার এলাকায় তিন শতাধিক র্যাব সদস্য দায়িত্ব পালন করবেন এবং এলাকাটি সিসিটিভির আওতায় আনা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সারাদেশে বিভিন্ন শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনস্থলেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।
র্যাবের মহাপরিচালক আরও বলেন, অতীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী সফল হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়ক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।
দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ জনগণকে জিম্মি করা বা জনদুর্ভোগ সৃষ্টি করার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা ও জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র্যাব ডিজি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়