ঝিনাইদহের কালীগঞ্জে সোনালী ব্যাংকের একটি শাখার ভেতরে এক ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে সোনালী ব্যাংক কালীগঞ্জ ২ নম্বর শাখায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, কালীগঞ্জ পৌরসভার চাপালী কুটিপাড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী কামাল হোসেন বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাংক থেকে চার লাখ টাকা উত্তোলন করেন। এরপর তিনি ক্যাশ কাউন্টারের পাশে দাঁড়িয়ে টাকা গোনার সময় অতিরিক্ত দুই লাখ ৫০ হাজার টাকা একটি ছোট হ্যান্ড ব্যাগে রাখেন।
কিছু সময় পর তিনি দেখতে পান, ব্যাগের ভেতরে রাখা দুই লাখ ৫০ হাজার টাকা নেই এবং ব্যাগটি কাটা। বিষয়টি টের পেয়ে তিনি ব্যাংকের ভেতর ও আশপাশে খোঁজাখুঁজি করেন, তবে টাকা বা চোর চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।
ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ঘটনার সময় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি কামাল হোসেনের পাশে অবস্থান করছিল। তারা কৌশলে ব্যাগের ওপর একটি ফাইল রেখে ব্যাগ কেটে টাকা চুরি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী কামাল হোসেন জানান, ঘটনার পরপরই তিনি আইনি সহায়তা পেতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়