বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–কে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে দায়িত্ব ছাড়ার পরও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন।
গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী তাকে এই মর্যাদা দেওয়া হয়েছে।
দায়িত্ব শেষে প্রধান উপদেষ্টাকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার বিষয়টি বাংলাদেশ–এ নতুন নয়। এর আগে ২০০৬ সালের ২৯ অক্টোবর একটি গেজেটের মাধ্যমে তৎকালীন প্রধান উপদেষ্টাকেও একই ধরনের মর্যাদা প্রদান করা হয়েছিল।
সেই সময় ‘স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্স, ১৯৮৬’-এর আওতায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশে অবস্থানকালীন সর্বোচ্চ তিন মাসের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করার বিধান ছিল। ওই প্রজ্ঞাপনে মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরে ২০০২ সালের একটি আগের প্রজ্ঞাপন বাতিল করার কথাও উল্লেখ করা হয়।
তবে ২০০৬ সালের প্রজ্ঞাপনে নিরাপত্তা ও মর্যাদার মেয়াদ তিন মাস থাকলেও, ২০২৬ সালের নতুন প্রজ্ঞাপনে ড. মুহাম্মদ ইউনূসের ক্ষেত্রে এই সময়সীমা এক বছর নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এ আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।







