
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছে এ অঞ্চলের সংসদ সদস্যদের বিমানবন্দরে দেখে দ্রুত সংসদে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
স্বাগত পর্ব চলাকালে সিলেট ও হবিগঞ্জের সংসদ সদস্যদের বিমানবন্দরে উপস্থিত থাকতে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেন, “সংসদ নাই আজকে? সংসদে যান। আমি মৌলভীবাজার যাচ্ছি, আপনাদের এখানে কোনো কাজ নেই—আপনারা সংসদে যান।”
এরপর তিনি সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন।
বিমানবন্দর থেকে শহরের পথে রওনা দিলে চৌকিদেখি এলাকায় লাক্কাতুড়া চা বাগানসংলগ্ন সড়কে চা শ্রমিকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৃষ্টিকে উপেক্ষা করে তারা বাদ্যযন্ত্র বাজিয়ে ও গাড়ির ওপর ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।
পরে একই এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাকে অভ্যর্থনা জানান। সিলেট মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
চৌকিদেখিসহ নগরীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে তাকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিপুল সংখ্যক সাধারণ মানুষও সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে তাদের জবাব দেন।