
সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি পর্যায়ক্রমে তাদের সম্মানি (ভাতা/বেতন) বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও নারী আসনের সংসদ সদস্য শাম্মী আখতারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকারের সময়ে শিক্ষা খাতে অবকাঠামো নির্মাণ হলেও মানবসম্পদ উন্নয়নে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তিনি বলেন, শুধু ভবন নির্মাণ করলেই হবে না; শিক্ষকদের দক্ষতা বাড়াতে কার্যকর প্রশিক্ষণ এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অনেক শিক্ষক সংসার চালাতে অতিরিক্ত কাজ করতে বাধ্য হন। এতে তারা শিক্ষার্থীদের যথেষ্ট সময় ও মনোযোগ দিতে পারেন না। এ কারণে পর্যায়ক্রমে শিক্ষকদের সম্মানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা পূর্ণ মনোযোগ দিয়ে শিক্ষাদানে নিয়োজিত থাকতে পারেন।
প্রধানমন্ত্রী জানান, চলতি বাজেটে শিক্ষাখাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে এবং এই খাতে আরও কার্যকর বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
এ সময় তিনি বলেন, সারাদেশে সরকারি প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে ধাপে ধাপে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সব এলাকার শিক্ষার্থীদের এই কর্মসূচির আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।