1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ মসজিদের বাইরে ছাদ বা কক্ষে জুমার নামাজ আদায় করা যাবে কি? কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ অন্তত ৫ আমিরাতের ফুজাইরাহতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত, আহত ৩০ ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কম ক্ষমতার স্মার্টফোনেও খেলা যাবে পাবজি, বাংলাদেশে আসছে ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’ ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড লাইফ সাপোর্টে সংগীতশিল্পী শেখ সাহেদ আলী, শারীরিক অবস্থার অবনতি পাঁচ বছরের বিরতি শেষে ফিরছে ‘মীরাক্কেল ১১’, শুরু হচ্ছে অডিশন

লাইফ সাপোর্টে সংগীতশিল্পী শেখ সাহেদ আলী, শারীরিক অবস্থার অবনতি

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

‘রোকযানা’ গানের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পাওয়া সংগীতশিল্পী শেখ সাহেদ আলীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গুরুতর রক্তক্ষরণসহ একাধিক শারীরিক জটিলতা দেখা দেওয়ায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছেন শেখ সাহেদ। এর মধ্যে স্ট্রোক, ডেঙ্গু ও বিভিন্ন সংক্রমণের কারণে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। সর্বশেষ গুরুতর রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসকেরা তাঁকে কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় রাখেন।

এরশাদুল হকের দেওয়া তথ্য অনুযায়ী, কিডনির জটিলতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস সি ভাইরাসের কারণে লিভারে প্রদাহে ভুগছেন এই শিল্পী। একাধিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তাঁর চিকিৎসা কঠিন হয়ে পড়েছে।

গত চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে শেখ সাহেদকে। গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের মাত্রা কমে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেন তিনি। এরপর স্বাভাবিকভাবে কথা বলার সক্ষমতা হারান। ফিসফিস করে কথা বলা ও ইশারার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশের চেষ্টা করছিলেন।

শারীরিক অবস্থার অবনতি হলে ৩১ অক্টোবর তাঁকে অন্য একটি হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়। পরে সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এ সময় ডায়ালাইসিসের জন্য ব্যবহৃত ফিস্টুলায় রক্ত জমাট বাঁধাসহ আরও কিছু জটিলতা দেখা দেয়।

অসুস্থতার কারণে আপাতত বন্ধ হয়ে গেছে শেখ সাহেদের দীর্ঘদিনের সংগীত আয়োজন। ১১ বছর ধরে প্রস্তুত করা ২৪টি নতুন গান প্রকাশের পরিকল্পনা করেছিলেন তিনি। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি চারটি করে সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড বের করার উদ্যোগও নিয়েছিলেন। এ উপলক্ষে ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হলেও তাঁর অসুস্থতার কারণে তা বাতিল করা হয়।

এরশাদুল হক জানান, অনুষ্ঠান শেষে ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল শেখ সাহেদের। এ জন্য কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আপাতত সেই পরিকল্পনা স্থগিত রয়েছে।

শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করছেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা সাহেদ’ নামেও পরিচিত এই শিল্পী। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।

১৯৯১ সালে প্রকাশিত হয় শেখ সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page