
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাবর্ষকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করতে পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।
মন্ত্রী বলেন, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু এবং পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সমন্বয় আনা সম্ভব হবে। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয়ও কমবে।
তিনি আরও জানান, সরকার পর্যায়ক্রমে পাবলিক পরীক্ষার সময়সূচি আরও এগিয়ে আনার লক্ষ্যে কাজ করছে।