ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে কঠোর অবস্থান জানিয়েছেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনার দাবি জানিয়ে অভিযোগ করেছেন, নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬–২৭ উপলক্ষে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল ‘সবুজ দল’-এর নির্বাচনি প্রচারণা শেষে সমিতির কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
শিশির মনির বলেন, ঢাকা বারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কোনোভাবেই ব্যালট বাক্স ছিনতাই করে রাজনৈতিক দলের কার্যালয়ে ভোট গণনার সুযোগ দেওয়া যাবে না। তিনি ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতির ব্যবহার দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের পরিবেশ শুরুর আগেই কমিশন দখলের চেষ্টা চলছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে। তার ভাষায়, এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে আইনজীবীরা তা মেনে নেবেন না।
দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে শিশির মনির বলেন, সংসদ ও প্রশাসনে এক ধরনের একনায়কতান্ত্রিক প্রবণতা দেখা যাচ্ছে। তিনি নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়, তাহলে তা ভবিষ্যতে কঠিন রাজনৈতিক প্রতিক্রিয়া ডেকে আনতে পারে।
তিনি আরও জানান, যদি নির্বাচন ‘পাতানো’ হয়, তাহলে তারা তাতে অংশ নেবেন না। আইনজীবীদের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় তারা আপসহীন থাকবেন বলেও ঘোষণা দেন তিনি।
দিনব্যাপী প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা আদালতের বিভিন্ন ভবন ও চত্বরে প্রার্থীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় ও সমর্থন কামনা করেন।
উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির ২০২৬–২৭ মেয়াদের নির্বাচন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়