রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট-এ ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু ঘিরে চিকিৎসা ও নার্সিং অবহেলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৫ মে) রাতে মেহেনিত বিন জিয়া নামে ওই শিশুর মৃত্যু হয়। তিন দিন আগে হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
স্বজনদের অভিযোগ, সময়মতো চিকিৎসা না পাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। তাদের দাবি, শুক্রবার শিশুটি তুলনামূলকভাবে কিছুটা সুস্থ থাকলেও রাতে হঠাৎ অবস্থার অবনতি ঘটে। তখন চিকিৎসক খুঁজে পাওয়া যায়নি এবং নার্সদের আচরণও ছিল অসহযোগিতামূলক।
শিশুটির মামা অভিযোগ করে বলেন, রাতে অবস্থার অবনতি হলে ডাক্তার পাওয়া যায়নি এবং নার্সরা খারাপ ব্যবহার করেছেন, যার কারণে শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
অন্যদিকে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আসিফ হান্নান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, শিশুটি হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং বৃহস্পতিবার তাকে আইসিইউতে নেওয়া হয়। তার দাবি অনুযায়ী, রোগীকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে এবং অভিযোগ ভিত্তিহীন। কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির স্বজনরা।