
ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই নোয়াপাড়া খেলার মাঠসংলগ্ন বংশী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, মরদেহটি মধ্যবয়সী এক পুরুষের।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।