
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ২৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, থানার সামনে রাখা ট্রাকটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনে ট্রাকটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর থানা চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।