নড়াইলের নড়াইল সদর উপজেলা–এর শিঙ্গাশোল ইউনিয়নের বড়কুলা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশ–এর নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
নিহতরা হলেন— খলিল শেখ (৭০), তাঁর ছেলে তাহাজ্জত শেখ (৪১), একই পক্ষের ফেরদাউস হোসেন (৪০) এবং প্রতিপক্ষের ওসিকুর ফকির (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিঙ্গাশোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খায়রুজ্জামান ওরফে খয়ের মোল্লার পক্ষের লোকজনের সঙ্গে খলিল শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নিহতরা তারাপুর গ্রামের বাসিন্দা হলেও প্রায় ৯–১০ বছর আগে সংঘর্ষ এড়িয়ে পাশের বড়কুলা গ্রামে এসে বসবাস শুরু করেন। এরপরও দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত অব্যাহত ছিল।
নিহত খলিল শেখের স্ত্রী মঞ্জুরা বেগম জানান, সোমবার ভোরে সেহেরি খাওয়ার পর ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় তারাপুর গ্রাম থেকে সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান ওরফে খয়ের মোল্লার ৫০–৫৫ জন সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে ঢুকে খলিল শেখ ও তাঁর ছেলে তাহাজ্জতকে ঘর থেকে ডেকে বের করে কুপিয়ে হত্যা করে। একই সময় তাদের পক্ষের ফেরদাউসকেও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় প্রতিপক্ষের আহত ওসিকুর ফকিরকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়