লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে। বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টার দিকে ইসরায়েলের মেতুলা, কাফার গিলাদি এবং কিরিয়াত শমোনা বসতিগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে দাবি করেছে গোষ্ঠীটি।
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, ওইদিন সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়। এর মধ্যে কিছু রকেট প্রতিহত করা হয়েছে এবং বাকিগুলো খোলা এলাকায় পড়ে।
রকেট হামলার পর কিরিয়াত শমোনা এবং মানারা এলাকায় সাইরেন বেজে ওঠে, ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, এই হামলার জবাবে দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। একাধিক এলাকায় এসব হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের সিডন জেলার আল-বাবলিয়া শহরে আঘাত হানে। পাশাপাশি ক্বাইলাহ শহরেও বিমান হামলা চালানো হয়।
এছাড়া কাদমুস, আনসারিয়াহ, বিনত জেবেইল, মাহমুদিয়া, মাজদাল, জিবকিন এবং ইয়াতারসহ দক্ষিণ লেবাননের একাধিক এলাকায়ও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী এই পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে এবং অঞ্চলজুড়ে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়