
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী করার সিদ্ধান্তের পর সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে রদবদল আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর এসব দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে।
অন্যদিকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম ঘোষণার পর তিনি বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ফলে তাঁর দায়িত্বে থাকা এলজিআরডি মন্ত্রণালয়ে দ্রুত নতুন দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করতে এ রদবদল করা হয়েছে বলে জানা গেছে।
সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সূত্রগুলো বলছে, প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতেই দ্রুত এই পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।