
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে টেপ লাগানো অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে ছিল অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি।
শুক্রবার সকালে খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বনানী থানার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
থানার ওসি ফরিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিরাপত্তা ক্যামেরার আওতায় রয়েছে। তবে মরদেহটি কীভাবে সেখানে এলো, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ওসি ফরিদুল ইসলাম বলেন, কোনো একটি গাড়ি থেকে মরদেহটি ফেলে দেওয়া হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা। এক্সপ্রেসওয়ের বিভিন্ন ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কোনো ক্যামেরায় মরদেহ ফেলার দৃশ্য পাওয়া যায়নি।
লাশটি কখন ফেলা হয়েছে, সে বিষয়েও নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওসি বলেন, সকাল পৌনে ৯টার দিকে পুলিশ খবর পায়। এখন পর্যন্ত মরদেহ ফেলার কোনো ভিডিও বা প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। ফলে এটি রাতে নাকি দিনের আলোতে ফেলা হয়েছে, তা বলা সম্ভব নয়।
তবে ঘটনাস্থলে যাওয়া এক পুলিশ কর্মকর্তা জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিরাপত্তাকর্মীদের বক্তব্য অনুযায়ী, মরদেহটি সকালে অর্থাৎ দিনের আলোতেই সেখানে ফেলা হয়ে থাকতে পারে। পুলিশের ধারণা, ক্যামেরার আওতার বাইরে থাকা স্থানটিকে বেছে নিয়েই মরদেহটি সেখানে ফেলে যাওয়া হয়েছে।
ঘটনাটি তদন্ত করে মরদেহটি কীভাবে এবং কারা সেখানে ফেলে গেছে, তা শনাক্তের চেষ্টা করছে পুলিশ।